জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ, নিরাপত্তাকর্মী এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ক্যাম্পাসে প্রবেশের সময় প্রত্যেক শিক্ষার্থীর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
এদিকে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার, ভাষাশহীদ রফিক ভবন, অবকাশ ভবন ও ভাস্কর্য চত্বরে অবস্থান করছেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন অবকাশ ভবনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) কক্ষে।
এ ছাড়া, জকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইস উদ্দীনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে প্রশাসনিক ভবনে অপেক্ষা করছেন বলে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট 
























