একসময় বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যে যেন বাছাইপর্বই লেখা হয়ে গেছে! ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশের আগে আফগানিস্তানও বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। মূলত বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। সেই লড়াইয়ে প্রথমে আফগানিস্তান এবং পরে বাংলাদেশ নিজেদের জায়গা নিশ্চিত করে।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগে থেকেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় কার্যত শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই র্যাংকিংয়ের হিসাব-নিকাশে বাংলাদেশের জায়গাও নিশ্চিত হয়ে যায়।
ফলে আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুটি ওয়ানডে রয়েছে। দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশের র্যাংকিংয়ে টপকে যাওয়ার সুযোগ নেই ক্যারিবীয়দের।
তাই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলাও নিশ্চিত হয়ে গেছে।
অর্থাৎ, টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্বের বাধা পেরোতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্ব ক্রিকেটের একসময়ের পরাশক্তির জন্য এটি নিঃসন্দেহে বড় এক পতনের চিত্র।

ডেস্ক রিপোর্ট 
























