বাংলাদেশ সফরের মাত্র ১০ দিনের মধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, সার্জিও গর ও অজিত দোভাল পরপর দুই দিন বৈঠকে বসেন। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি বলেন, দুই দফা বৈঠকেই ভারত ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।
জয়সোয়াল আরও জানান, বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ চলছে।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন সার্জিও গর। তিনি বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোভাল ও গরের টানা দুই দিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে থাকা মার্কিন এই বিশেষ দূতের বাংলাদেশ সফরের মাত্র ১০ দিনের মধ্যে দিল্লিতে দোভালের সঙ্গে তার এমন ধারাবাহিক বৈঠক নতুন করে কৌতূহল তৈরি করেছে।
এদিকে, ভারত ও এর আশপাশের অঞ্চলে সাম্প্রতিক নানা ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ডেস্ক রিপোর্ট 























