ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এমন পদক্ষেপ নেওয়া হবে, যার কোনো নজির বিশ্ব আগে দেখেনি।
শুক্রবার (১৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও ঘোষণা আসতে পারে। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিচ্ছিন্নতার ক্ষেত্রে ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বেসেন্টের দাবি, ইরানের ওপর এমন অর্থনৈতিক চাপ তৈরি করা হবে, যা আগে কোনো দেশের ক্ষেত্রে দেখা যায়নি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রাখার কথাও জানান তিনি। এর ফলে ইরানের বন্দর দিয়ে কোনো পণ্য প্রবেশ বা বের হতে না দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী।
ইয়েমেনে বাড়ছে সংঘাতের আশঙ্কা
এদিকে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ায় ইয়েমেনও সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ সাধারণ পরিষদকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক তৎপরতা বেড়েছে। এতে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে।
মারিব, হাজরামাউত ও আল-মাখাসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এডেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারও তাইজে হুথিদের একটি হামলা প্রতিহত করার দাবি করেছে।
এ ছাড়া কয়েকটি গভর্নরেটে হুথিদের অবস্থান লক্ষ্য করে কামান ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে সরকার। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, হুথিদের প্রতিটি পদক্ষেপের ‘ব্যাপক জবাব’ দেওয়া হবে।
বড় আঞ্চলিক সংঘাতে জড়ানোর শঙ্কা
ইয়েমেন পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ।
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে একটি শক্তিশালী ও টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন।
গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিরা নতুন করে হামলা চালালে ইয়েমেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























