চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় ২৫০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম নামে ৬০ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার রঞ্জন সওদাগরের স্ত্রী।
স্থানীয়দের নজরদারির পর সন্দেহজনক গতিবিধির বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসমিনকে হেফাজতে নেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, জেসমিন এর আগেও মাদক মামলায় কারাভোগ করেছেন এবং বর্তমানে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। তবে জেসমিনের দাবি, অসুস্থতার কারণে ওষুধ কেনার টাকা না পাওয়ায় বাধ্য হয়ে তিনি গাঁজা বিক্রি করেন।
ফরিদগঞ্জ থানার এসআই মোজাফ্ফর জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় জেসমিনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















