হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যেই চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার এভিয়েশন ও ট্যুরিজম সাংবাদিকদের সংগঠন ‘বাটজা’ এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ—পিআইবি আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বিমানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে থার্ড টার্মিনালের কাজ খারাপ অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তবে নানা প্রতিকূলতা পেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর চেষ্টা চলছে।
বিমান রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে বোয়িং ও এয়ারবাসের সঙ্গে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল—এমআরও সুবিধা চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।
এ ছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্বল্প খরচে পাইলট হিসেবে প্রশিক্ষিত করতে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগ দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ডেস্ক রিপোর্ট 





















