টানা কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান কিংবা জনসমক্ষে দেখা যাচ্ছে না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। এমনকি সাবেক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য, হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার এবং মধ্যপ্রাচ্যে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন না তিনি।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ মেলানিয়াকে ট্রাম্পের সঙ্গে দেখা যায়। বর্তমানে তিনি বেশিরভাগ সময় ফ্লোরিডা ও নিউইয়র্কে কাটাচ্ছেন। সেখানে তাদের ছেলে ব্যারন ট্রাম্প কলেজে পড়াশোনা করছেন।
মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টার দাবি, ফার্স্ট লেডি জনসমক্ষে উপস্থিতির চেয়ে কাজের ফলাফলকেই বেশি গুরুত্ব দেন।
এর মধ্যেই ট্রাম্পের ৩৫ বছর বয়সী বিশেষ সহকারী নাটালি হার্পের সঙ্গে তার ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কয়েকটি বিদেশ সফরেও মেলানিয়া না থাকলেও ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন হার্প।
গত জুলাইয়ে আঙ্কারা সফরের সময় ইরানের হামলার আশঙ্কায় ব্যবহৃত একটি গোপনীয় সামরিক বিমানে ট্রাম্পের সঙ্গে থাকা অল্প কয়েকজন কর্মকর্তার মধ্যেও ছিলেন তিনি। এর আগে মে মাসে চীন সফরেও ট্রাম্পের সঙ্গে ছিলেন হার্প।
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ান জানিয়েছেন, ট্রাম্প হার্পকে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন মনে করেন।
তবে হার্পের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা ও গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, নাটালি হার্প অত্যন্ত নিষ্ঠাবান ও প্রশংসিত একজন কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 























