রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষক। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। আর তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই ধীরেন্দ্র কুমার রায় এ ঘটনা ঘটান বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন ধীরেন্দ্র কুমার রায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসাও চলছিল।
এ ছাড়া তার দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে পুলিশকে জানিয়েছে পরিবার।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























