মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে নেটিজেনদের একাংশের এমন মন্তব্যের সমালোচনা করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অনেকে। ইন্ডাস্ট্রির কয়েকজন তার সমর্থনে সরব হয়েছেন।
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা। এরপর অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তান ও পরিবারকে সময় দিচ্ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন এই অভিনেত্রী।
স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সাদা সালোয়ার-কামিজ পরা অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তার শারীরিক পরিবর্তন নিয়ে মন্তব্য শুরু করেন নেটিজেনদের একাংশ।
কেউ লেখেন, ‘ক্যাটরিনার এ কী হলো?’ আবার কেউ তাকে ‘বুড়ি হয়ে গেছেন’ বলেও কটাক্ষ করেন।
তবে এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। ক্যাটরিনার সমর্থনে কথা বলেছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও। ট্রলারদের উদ্দেশে তিনি বলেন, মাতৃত্বের পর শরীরের পুনর্গঠন বা পোস্টপার্টাম রিকভারি স্বাভাবিক বিষয়। তাই এ নিয়ে কাউকে কটাক্ষ করা উচিত নয়।
তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কাইফ।
প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা অভিনীত সর্বশেষ সিনেমা ‘ক্রিসমাস’। এরপর মা হওয়ার কারণে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। চলতি বছর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।

ডেস্ক রিপোর্ট 
























