বিশ্বকাপে জার্মানির বিদায়ে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে কোন দল? উত্তরটা ব্রাজিল। কারণ, জার্মানদের বিদায়ের সঙ্গে সঙ্গেই অন্তত আরও চার বছরের জন্য অক্ষত থাকল সেলেসাওদের একটি ঐতিহাসিক বিশ্বরেকর্ড।
২০২৬ বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে ডাই মানশাফটদের।
এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে জার্মানির পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর তাতেই স্বস্তির খবর এসেছে ব্রাজিল শিবিরে।
কারণ, ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকেই এককভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দেশের মর্যাদা ধরে রেখেছে ব্রাজিল। এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল শুধু জার্মানির। কিন্তু তাদের বিদায়ের ফলে অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বিশ্বের একমাত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই থাকছে সেলেসাওরা।
শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে যদি ব্রাজিল শিরোপা জিতে নিতে পারে, তাহলে বিশ্বকাপে তাদের শিরোপার সংখ্যা হবে ছয়। সেক্ষেত্রে তাদের এই অনন্য রেকর্ড স্পর্শ করার সুযোগ অন্য কোনো দলের সামনে আসবে না আরও অন্তত আট বছর।
এদিকে মাঠের পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শেষ ষোলোর ম্যাচে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।
এখন ব্রাজিলের সামনে দুটি বড় লক্ষ্য। একদিকে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জেতা ষষ্ঠ বিশ্বকাপ, অন্যদিকে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের একক আধিপত্যকে আরও শক্তিশালী করা।

ডেস্ক রিপোর্ট 






















