বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের আগে জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। ফিফার শাস্তিমূলক তালিকায় তাদের নাম প্রকাশের পর বিষয়টি সামনে আসে। তবে এই সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি সংস্থাটি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অনুমতি ছাড়া সীমাবদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের যোগসূত্র খুঁজছেন অনেক বিশ্লেষক। যদিও ইউএস সকার ফেডারেশন স্পষ্ট জানিয়েছে, দুই কর্মকর্তার বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা বেলজিয়াম ম্যাচে তার অংশগ্রহণের কোনো সম্পর্ক নেই।
ঘটনার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি ইউএস সকার। তাদের দাবি, বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ারভুক্ত। ফিফাও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
২০১৫ সাল থেকে ইউএস সকারের সঙ্গে যুক্ত থাকা স্যাম জাপাটকা ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। আর নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফ্র্যাঙ্ক প্যানেল এর আগে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএতেও দায়িত্ব পালন করেছেন।
বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের ম্যাচে এই দুই কর্মকর্তার অনুপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফিফার সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক সমর্থক ও বিশ্লেষক।

ডেস্ক রিপোর্ট 




















