বিশ্বকাপে এখন পর্যন্ত একটিও গোল না খেয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। তবে কোয়ার্টার ফাইনালের আগে নিজেদের সবচেয়ে কঠিন পরীক্ষার অপেক্ষায় আছে বলে মনে করছেন দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে শক্ত প্রতিপক্ষ বেলজিয়াম।
শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, টুর্নামেন্টে এ পর্যন্ত যাদের বিপক্ষে খেলেছেন, তাদের মধ্যে বেলজিয়ামই সবচেয়ে শক্তিশালী দল।
দে লা ফুয়েন্তের ভাষায়, “এটাই হবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। বেলজিয়ামের দলে ইউরোপের বড় বড় ক্লাবে খেলা অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তারা শিরোপা জয়ের মানসিকতা নিয়ে খেলে। তাই ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
শেষ ষোলোতে প্রতিবেশী পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে স্পেন। পুরো টুর্নামেন্টজুড়ে সংগঠিত রক্ষণ, বলের দখল এবং কার্যকর আক্রমণে নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে লা রোজারা।
অন্যদিকে, প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় পাওয়া ফরাসিদের বিপক্ষে খেলবে স্পেন-বেলজিয়াম ম্যাচের বিজয়ী দল।
তবে সম্ভাব্য সেমিফাইনাল নিয়ে এখনই ভাবতে রাজি নন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ফ্রান্স ভালো খেলেছে এবং জয়ের যোগ্য ছিল। কিন্তু এই মুহূর্তে তাদের সব মনোযোগ কেবল বেলজিয়াম ম্যাচেই।
স্পেনের আক্রমণে বড় ভরসা থাকবেন ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। তার সঙ্গে রয়েছেন চার গোল করা মিকেল ওইয়ারজাবাল। যদিও এবারের বিশ্বকাপে ইয়ামালের গোল মাত্র একটি, তবু তরুণ এই উইঙ্গারের ওপর পূর্ণ আস্থা রাখছেন দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, “আমি নিশ্চিত, লামিন আক্রমণে নিজের সামর্থ্য দেখাবে। পর্তুগালের বিপক্ষে সে শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দারুণ দায়িত্বশীল ছিল। বয়সের তুলনায় তার পরিণত মানসিকতা সত্যিই প্রশংসনীয়।”
স্পেন কোচের মতে, দলের সাফল্যের মূল শক্তি কোনো একক তারকা নন, বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করে তিনি বলেন, “মৌচাকের জন্য যা ক্ষতিকর, তা মৌমাছির জন্যও ক্ষতিকর।” তার এই বক্তব্যেই স্পষ্ট, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় ঐক্য ও সমন্বয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্পেন শিবির।

ডেস্ক রিপোর্ট 






















