দুই দিনের টানা উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর আপাতত থেমেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত। এখন যুদ্ধের বদলে কূটনৈতিক তৎপরতাকেই অগ্রাধিকার দিচ্ছে দুই পক্ষ। কাতারও সংকটের স্থায়ী সমাধানে সংলাপের ওপর জোর দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা এখনও চলমান রয়েছে। মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে না নিয়ে গিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাজ্যে অনুষ্ঠিত লন্ডন কনফারেন্সে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সামরিক সংঘাত নয়, বরং কূটনীতি ও সংলাপই একমাত্র কার্যকর পথ।
উল্লেখ্য, ইরানের পাল্টা হামলার পর বুধবার তুরস্কের আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দুই দেশের মধ্যকার আগের সমঝোতা আর কার্যকর নেই। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হামলা বন্ধ হওয়া এবং আলোচনার গতি বাড়ায় নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















