শিক্ষার্থীদের তিনটি দাবি আপসযোগ্য নয়, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। শনিবার (২৫ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
চলমান নিট আন্দোলনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেন, মোদি ভারতের ‘অতীত’ এবং আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের ‘ভবিষ্যৎ’। তার দাবি, প্রধানমন্ত্রী তাদের পরাজিত করতে পারবেন না। তিনি অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের পুরো ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এই ব্যবস্থাই তাদের আক্রমণ করছে। আমি তাদের বলেছি, চিন্তা করো না। পুরো ভারত সরকার এবং সরকারের সব শক্তি ব্যবহার করেও তোমাদের সরানো যাবে না। তারা যা খুশি করতে পারে, হুমকি দিতে পারে, কিন্তু আমরা পিছু হটব না।
রাহুল গান্ধী আরও বলেন, তারা ভারতের ভবিষ্যৎ। কেউ তাদের সঙ্গে লড়াই করতে পারবে না। নরেন্দ্র মোদি ভারতের অতীত, আর অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করতে পারে না। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী মোদিকে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 























