সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তবে তিনি বলেছেন, সেই বিজয়কে দীর্ঘমেয়াদে টেকসই ও সুসংহত করাই এখন ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
গালিবাফ বলেন, যুদ্ধে অর্জিত সাফল্যকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি জনগণের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। তার মতে, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে সর্বোচ্চ নেতার নির্বাহী কর্তৃত্ব ও কার্যকর সক্ষমতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
এদিকে শনিবার (১ আগস্ট) হরমুজ প্রণালিতে মার্কিন পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, নির্দেশ অমান্যকারী দুটি তেল ট্যাংকারকে আঘাত করে থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চারটি ট্যাংকার দ্রুত গতিপথ পরিবর্তন করে পূর্বের অবস্থানে ফিরে যায়। আইআরজিসির দাবি, জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তায় একটি অঘোষিত রুট দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধে কে জয়ী বা পরাজিত হয়েছে—এ মুহূর্তে সে ধরনের সিদ্ধান্তে পৌঁছানো কঠিন বলে মত দিয়েছেন সমর বিশ্লেষকরা। তাদের মতে, সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব ও কৌশলগত ফলাফল বিবেচনা করেই এ বিষয়ে মূল্যায়ন করা সম্ভব।

ডেস্ক রিপোর্ট 




















