স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। হাইকোর্টের আদেশে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (২ আগস্ট) রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, গত ৩০ জুন রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
এরও আগে, ১৮ জুন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন এই অভিনেতা। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে জাহের আলভী বা তার আইনজীবীর পক্ষ থেকে সর্বশেষ কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 

























