সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাকিব দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং আইনি অধিকারও নিশ্চিত করা হবে।
একইভাবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘সবচেয়ে বীভৎস মানুষটিও তার নাগরিক অধিকার পাবে।’
ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও বৈঠক হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যেভাবে সম্পর্ক পরিচালিত হয়েছে, সেখান থেকে বেরিয়ে সমতা, স্বাধীনতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা হবে।
এদিকে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠকের সম্ভাবনার কথাও জানান তিনি। তার দাবি, এ সফর গোপন কোনো বিষয় নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি ভারত আলাদাভাবেও তাকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী সুবিধাজনক যেকোনো সময় ভারত সফর করতে পারেন।
১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন।
দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৪২৮ পণ্যে শুল্কমুক্ত সুবিধা
বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে।
এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য একই সুবিধা পাবে বাংলাদেশের বাজারে।
পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান
পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনগণের সহযোগিতা চেয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শুধু জরিমানা বা চাপ প্রয়োগ করে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।
বাংলাদেশ পাটকল করপোরেশনের তৈরি ৯ হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে টিসিবির ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।
রেলপথ সম্প্রসারণে অগ্রগতি
আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণেও অগ্রগতি হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে বলেও জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 
























