রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশনে ডাকাতি করে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে লুট হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামও জব্দ করেছে ডিবি।
জানা গেছে, গত রোববার এয়ারপোর্ট এলাকার ওই ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও জব্দ করা অস্ত্র-সরঞ্জাম নিয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত ডাকাতির মামলার তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















