যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার এক টেবিলে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে আয়োজন করা হয়েছে বিশেষ নৈশভোজের।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। বিএনপি সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনে রাজপথে পাশে থাকা দলগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করাই এই নৈশভোজের মূল লক্ষ্য।
নৈশভোজে অংশ নিচ্ছেন ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)সহ অধিকাংশ শরিক দলের শীর্ষ নেতারা।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের মধ্যে সমন্বয় এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিএনপির একসময়ের দুই গুরুত্বপূর্ণ মিত্র—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)—এবারের এই নৈশভোজে অংশ নিচ্ছে না।
সরকার ও জোটের সম্পর্ককে আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যেই এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 

























