জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দেওয়া রায়ের প্রতিফলন ঘটাতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, বিচার, সংস্কার ও নির্বাচনের যে অঙ্গীকার ছিল, তার মধ্যে নির্বাচন হলেও বাকি দুইটি এখনো বাস্তবায়িত হয়নি।
বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও তা এখনো কার্যকর হয়নি। একই সঙ্গে গণভোটে বিপুল সংখ্যক মানুষের দেওয়া রায়ও সরকার বাস্তবায়ন করেনি। তার ভাষায়, “গণভোটের রায় কার্যকর না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
নাহিদের অভিযোগ, জুলাই সনদ, ৩১ দফা এবং সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি এখনো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ। তিনি দ্রুত জুলাই হত্যা মামলাগুলোর রায় কার্যকর এবং অন্যান্য মামলার বিচার শেষ করার দাবি জানান, যাতে শহীদ পরিবারগুলো ন্যায়বিচার পায়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার বাস্তবায়নে আন্তরিক হয়, তাহলে সহযোগিতার সুযোগ রয়েছে। তবে বর্তমান কর্মকাণ্ডে সেই আন্তরিকতার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও স্পষ্ট করেন, গণভোটের রায়ের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না।

ডেস্ক রিপোর্ট 

























