দেশের ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক সেবা রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর। বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নিয়ম অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক সেবা রপ্তানির ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের আর এক্সপোর্ট বা এক্সপি ফরম পূরণ করতে হবে না। ডিজিটাল নথি ও লেনদেনের প্রমাণ দেখিয়েই সরাসরি বৈদেশিক আয় দেশে আনা এবং ব্যাংক হিসাবে জমা করা যাবে।
এছাড়া, ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত লেনদেনে ফরম-সি পূরণের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আয় দেশে আনার সুযোগ থাকবে।
নতুন নির্দেশনায় ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগও বাড়ানো হয়েছে। আইসিটি খাতের আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানির আয়ের ৩০ শতাংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ফ্রিল্যান্সার কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমেও বৈধভাবে অর্থ দেশে আনার সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এই উদ্যোগে বৈদেশিক আয় দেশে আনা হবে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

ডেস্ক রিপোর্ট 
























