তেরো বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ঢাকার শাপলা চত্বরসহ কয়েকটি স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একই সঙ্গে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার শাপলা চত্বর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৬১ জনকে হত্যার অভিযোগে মামলাটি করেন সংগঠনটির অন্যতম নেতা আজিজুল হক ইসলামাবাদী।
শুনানি শেষে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এ মামলায় কোনো কনস্টেবল বা পুলিশের সদস্যকে আসামি করা হয়নি। অভিযুক্ত ৪১ জন তাদের দায় এড়াতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, মামলার শুনানিকে ঘিরে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতা।

ডেস্ক রিপোর্ট 





















