রাজধানী ঢাকা ও চট্টগ্রামে লোডশেডিং তুলনামূলক কম হলেও, দেশের গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি দুর্বল সঞ্চালন ব্যবস্থাকেও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সরকার।
জামালপুর, রংপুর, নীলফামারী, নাটোর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে।
এদিকে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের অভিযোগ, ‘সমতা ভিত্তিক লোডশেডিং’-এর ঘোষণা বাস্তবে কার্যকর হয়নি। তাদের দাবি, পল্লী বিদ্যুতের গ্রাহকদের ওপরই লোডশেডিংয়ের বড় চাপ পড়ছে।
তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, গ্রামাঞ্চলের লোডশেডিং মূলত টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে। শতভাগ বিদ্যুতায়নের সময় অনেক এলাকায় অপরিকল্পিত ও দুর্বল সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছিল। ফলে অতিরিক্ত লোড দিলে লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও জানান, গ্রামাঞ্চলের সঞ্চালন ব্যবস্থা ধাপে ধাপে আধুনিক ও শক্তিশালী করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















