বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা হবে আজ।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করবেন। এর আগে, ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এস কে সুর চৌধুরী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সেই বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদক এ মামলা দায়ের করে। পরে ২০২৫ সালের ৪ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয় এবং একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলাটিতে মোট সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বিচারিক কার্যক্রম শেষে আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

ডেস্ক রিপোর্ট 

























