গাজীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যেতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যেতি পাম্পের পাশে মেরামতের জন্য একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় এক মিস্ত্রি বাসের নিচে শুয়ে কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে বাসের পাশে থামে এবং মুহূর্তের মধ্যে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এতে বাসের কয়েকটি আসন ও যন্ত্রাংশ আংশিকভাবে পুড়ে যায়।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্তাধীন।”
পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত নাশকতার ঘটনা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 
























