চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সোহাগ নামে আরেকজন আহত হন।
রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল নাটোরের সিংড়া উপজেলার পারসাথলী শেখপাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।
জানা যায়, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জনের একটি দল তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে ঘুরতে যান। আজ সকালে ফেরার পথে জাঙ্গালিয়া এলাকায় আকস্মিক গতিরোধে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে যান দুই বাইকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাকিবুলকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, নিহতের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এর আগে চলতি এপ্রিলের শুরুতে একই জাঙ্গালিয়া এলাকায় ৪৮ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। উঁচু–নিচু সড়ক ও বিপজ্জনক বাঁকের কারণে ঘনঘন দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দীর্ঘ দিন ধরে সড়ক সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে।

ডেস্ক রিপোর্ট 
























