ফুটবল বিশ্বকাপে অভিষেকেই চমক দেখিয়েছে আফ্রিকার নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করে তারা শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে তিন ম্যাচে ৬ গোল করে আলোচনায় আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নকআউট পর্বেও তিনি বড় পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কেপ ভার্দে শিবির জানিয়েছে, মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের।
দলটির সহকারী কোচ উমবেহতো বেতোকু বলেন, প্রতিপক্ষের ব্যক্তিগত কোনো খেলোয়াড় নয়, বরং পুরো দলের কৌশলই তাদের মূল মনোযোগের জায়গা। মেসিকে নিয়ে বিশেষ ছক না থাকলেও আর্জেন্টিনার সামগ্রিক কম্বিনেশন ভাঙতেই পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান তিনি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের সঙ্গে আরেকটি গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্স-আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।
নবাগত দল হিসেবে এমন পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছে কেপ ভার্দে। আর্জেন্টিনা ফেভারিট হলেও পরিসংখ্যান নিয়ে চিন্তিত নয় দলটি। সহকারী কোচ বেতোকু বলেন, ইতিহাস ও পরিসংখ্যান কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ, মাঠের পারফরম্যান্সই আসল।
মেসিকে নিয়ে তিনি আরও বলেন, এমন খেলোয়াড় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, তবে কেপ ভার্দে মূলত দলীয় সমন্বয় এবং আর্জেন্টিনার আক্রমণাত্মক পরিকল্পনা মোকাবিলায় মনোযোগ দিচ্ছে।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

ডেস্ক রিপোর্ট 























