গণমাধ্যম যত শক্তিশালী হবে, দেশের গণতন্ত্রও তত শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি জনগণের সামনে তুলে ধরে জবাবদিহি নিশ্চিত করাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের জন্য কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরে সঠিক পথ দেখানোই দায়িত্বশীল সাংবাদিকতার অংশ।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
এ সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হওয়ার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 
























