বিশ্বকাপের শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে শুধু কৌশল নিয়েই নয়, কুসংস্কার নিয়েও ব্যস্ত আর্জেন্টিনার সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে তাদের পরিচিত শব্দবন্ধ—‘আনুলো মুফা’।
সবকিছুর শুরু ঘানার আলোচিত এক তান্ত্রিক নানা কোয়াকু বোনসামের মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেন, এবারের বিশ্বকাপে শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। এমনকি নিজের ‘আধ্যাত্মিক শক্তি’ আফ্রিকার দলটির পক্ষে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন আর্জেন্টিনার হাজারো সমর্থক। তারা একযোগে লিখতে থাকেন—‘আনুলো মুফা’।
আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল সংস্কৃতিতে ‘মুফা’ বলতে দুর্ভাগ্য, অপয়া বা অশুভ ইঙ্গিতকে বোঝানো হয়। আর ‘আনুলো মুফা’ শব্দবন্ধের অর্থ—‘এই অশুভ বা কুফা বাতিল’।
২০২২ কাতার বিশ্বকাপেও এই বাক্যটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রতিপক্ষের পক্ষে যেকোনো নেতিবাচক ভবিষ্যদ্বাণী বা অশুভ মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা।
এবারও কেপ ভার্দে ম্যাচের আগে একই বিশ্বাসে ভর করে ‘আনুলো মুফা’ প্রচারণা শুরু করেছেন তারা। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা জয় পাবে কি না, তার উত্তর মিলবে ম্যাচেই। তবে মাঠের বাইরের এই মনস্তাত্ত্বিক লড়াই ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

ডেস্ক রিপোর্ট 






















