জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। অভিযোগ প্রমাণিত হলে ওই এমপির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ এসব কথা বলেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেশের মানুষের মান-সম্মান ক্ষুণ্ন করেছে। ধর্মের নামে রাজনীতি করা একটি দলের নেতাদের কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।
হারুনুর রশিদের দাবি, ব্যভিচার ও জেনার মতো অপরাধ সমাজে ছড়িয়ে পড়ছে কিছু ধর্মীয় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তির কারণে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত।
বক্তব্যে তিনি আরও বলেন, কেউ সরকারকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে বিচার প্রক্রিয়া থামাতে পারবে না।
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে হাসপাতালের ডিজিটাল সেবা কার্যক্রম নিয়েও কথা বলেন হারুনুর রশিদ। তিনি জানান, হাসপাতালের চিকিৎসাসেবা সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এতে রোগীর চিকিৎসার ইতিহাস সংরক্ষণ, ওষুধ ব্যবস্থাপনা, প্যাথলজি ও এক্স-রের রিপোর্টসহ বিভিন্ন সেবা ডিজিটালভাবে পরিচালিত হবে, যা চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসানসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















