ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি বলেছেন, কূটনীতিতে ব্যর্থ হলেই ওয়াশিংটন নিষেধাজ্ঞার পথে হাঁটে।
মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাঘায়ি মার্কিন অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ‘শ্বাসরোধ’ করার সক্ষমতা নিয়ে মার্কিন অর্থমন্ত্রীর গর্ব করার বিষয়টি একদিকে করুণ, অন্যদিকে নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের ‘আসক্তির’ স্পষ্ট প্রমাণ।
ইরানি এই কূটনীতিক বলেন, ওয়াশিংটন যখন কূটনীতি পরিচালনায় নিজেদের অক্ষম প্রমাণ করে, তখনই নিষেধাজ্ঞাকে বেছে নেয়। আবার নিষেধাজ্ঞা প্রত্যাশিত ফল না দিলে এর মাত্রা আরও বাড়ানো হয়।
বাঘায়ির ভাষায়, এটি এখন আর কোনো নীতি নয়; বরং যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, এই অভ্যাস তাদের নীতিনির্ধারণের চিন্তাভাবনাকেও প্রভাবিত করছে।
তিনি বলেন, কয়েক দশক ধরে ইরান প্রমাণ করেছে, পুরোনো ও ব্যর্থ এসব কৌশল দিয়ে দেশটিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
বাঘায়ি আরও সতর্ক করে বলেন, মার্কিন রাজনীতিকরা যদি এই ‘বদভ্যাস’ আঁকড়ে থাকেন, তাহলে নিজেদের তৈরি করা সংকট থেকে তুলনামূলক কম ক্ষতির মধ্য দিয়ে বেরিয়ে আসার যে সামান্য সুযোগ এখনো রয়েছে, সেটিও তারা নিজেরাই নষ্ট করতে পারেন।
সূত্র: আইআরএনএ

ডেস্ক রিপোর্ট 





















