দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) পূর্ণ সদস্য হওয়ার বাংলাদেশের দীর্ঘদিনের আশা আপাতত বাস্তবায়িত হচ্ছে না। জোটটির মহাসচিব কাও কিম হোর্ন জানিয়েছেন, আসিয়ান চার্টারে নির্ধারিত ভৌগোলিক শর্ত পূরণ না করায় বাংলাদেশ সদস্যপদের যোগ্য নয়।
সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে তিনি বলেন, পূর্ব তিমুরই আসিয়ানের সর্বশেষ সদস্য এবং আপাতত সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেই।
কাও কিম হোর্নের ভাষ্য অনুযায়ী, আসিয়ান চার্টার শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত ১১টি দেশকেই সদস্য হওয়ার সুযোগ দেয়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অংশ হওয়ায় এই শর্ত পূরণ করে না। একই কারণে ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনিও সদস্যপদের বাইরে রয়েছে।
আসিয়ানের আইনি কাঠামো বা চার্টারে স্পষ্টভাবে বলা হয়েছে, নতুন সদস্য হতে হলে আবেদনকারী দেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত হতে হবে। ফলে বর্তমান নিয়মে বাংলাদেশ বা পাপুয়া নিউ গিনির সদস্য হওয়ার সুযোগ নেই।
তবে জোটের চার্টারে সংশোধন আনা হলে পরিস্থিতি বদলাতে পারে। কিন্তু সে ক্ষেত্রে আসিয়ানের সব সদস্য দেশের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন, যা বাস্তবে বেশ কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে দীর্ঘ প্রচেষ্টার পর গত বছর আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জন করে পূর্ব তিমুর। অন্যদিকে বাংলাদেশও বিভিন্ন সময়ে বিশেষ করে মালয়েশিয়ার সভাপতিত্বকালীন সময়ে সদস্যপদের জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল। তবে আসিয়ানের বর্তমান অবস্থান স্পষ্ট করে দিয়েছে, চার্টারে পরিবর্তন না এলে বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনা আপাতত নেই।

ডেস্ক রিপোর্ট 
























