সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতা শুধু তথ্য সংগ্রহ বা সত্য উদ্ঘাটনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনস্বার্থে সেই সত্যকে কার্যকরভাবে উপস্থাপন করাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত অবস্থান থাকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকতা আজ রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গ না হলেও রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাই সত্য প্রকাশের পাশাপাশি পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখাও জরুরি।
রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে জহির উদ্দীন স্বপন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ারে পরিণত হবে, তা নির্ভর করে শাসকের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যের ওপর। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহির বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর। সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 
























