পিরোজপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬০ হাজার পিস ইয়াবাসহ মিজানুর জামান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। রোববার (১৬ নভেম্বর) শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মিজানুর বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে। পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। মিজানুর কাপুরিয়াপট্টির মার্কেটের চতুর্থ তলায় একটি কক্ষে অবস্থান করছিলেন এবং ইয়াবার কারবার করছিলেন।
পুলিশ তার কক্ষে অভিযান চালিয়ে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং মিজানুরকে আটক করে। তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হবে। পিরোজপুরে এ পর্যন্ত উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটি সবচেয়ে বড় চালান।

ডেস্ক রিপোর্ট 























