মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা। কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি বলছে, এটি মার্কিন হামলার প্রাথমিক জবাব।
এর আগে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার অভিযোগে ইরানের ভেতরে পাল্টা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড—সেন্টকম জানিয়েছে, ওই অভিযানে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সেন্টকম আরও সতর্ক করে বলেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে হামলার জন্য ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।
অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, মার্কিন হামলায় কেশম দ্বীপ, আব্বাস বন্দর ও সিরিক এলাকায় আঘাত হানা হয়েছে। তেহরানের ভাষ্য, এই হামলা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন।
এমন পরিস্থিতিতে পাল্টা জবাবের হুঁশিয়ারি বাস্তবে রূপ দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। নতুন এই সংঘাতে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























