২৩ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন নিয়ে এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে নামছে বাংলাদেশ। সেই মিশনের প্রথম ধাপে তুলনামূলক স্বস্তির গ্রুপ পেয়েছে লাল-সবুজের দল।
শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। আর ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে।
তবে এবারের ড্রয়ে রাখা হয়নি নেপালকে। ফিফার নিষেধাজ্ঞার কারণে আপাতত আন্তর্জাতিক ফুটবলের বাইরে রয়েছে দেশটি। তবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে নেপাল। সে ক্ষেত্রে সূচি ও গ্রুপ বিন্যাসেও পরিবর্তন আসতে পারে।
এদিকে, ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। একই দিনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালে ঘরের মাঠে জেতা একমাত্র শিরোপার পর দীর্ঘ ২৩ বছর ধরে অপেক্ষায় বাংলাদেশ। এবার স্বাগতিক হিসেবে সেই অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ডেস্ক রিপোর্ট 























