পারস্য উপসাগরজুড়ে চলমান যুদ্ধাবস্থা ও নিরাপত্তা সংকটের মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকদের দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
চলতি সপ্তাহে হরমুজ অঞ্চলে পৃথক দুটি হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হওয়ার পরই এই জরুরি নির্দেশনা জারি করা হয়।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং দেশের সব জাহাজ মালিক, নৌপরিবহন ব্যবস্থাপক এবং নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে নতুন করে কোনো ভারতীয় নাবিক মোতায়েন করা যাবে না।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নাবিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। তাই ঝুঁকি এড়াতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় বিভিন্ন হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন ভারতীয় নাবিকও। তারা গত ৯ জুন ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় প্রাণ হারান।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক শিপিং খাতেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত তাদের নাবিকদের হরমুজমুখী জাহাজে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখবে।

ডেস্ক রিপোর্ট 

























