বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। আর ফাঁস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটির একটি কপি ২১ লাখের বেশি বার দেখা হয়েছে।
চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উচ্চমানের ভিডিওসহ একটি পোস্ট আড়াই ঘণ্টার মধ্যেই ২১ লাখ ভিউ পায়। পরে কপিরাইট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি স্থগিত করা হয়। পরদিন আরও একটি নিম্নমানের সংস্করণও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা অল্প সময়ের মধ্যেই সরিয়ে ফেলা হয়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করলেও, প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, অননুমোদিতভাবে চলচ্চিত্র প্রকাশের বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কপিরাইট লঙ্ঘনের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে বিশ্লেষকদের মতে, এই ফাঁস ছবিটির বক্স অফিসে বড় ধরনের প্রভাব ফেলবে না। কারণ, মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ‘দ্য ওডিসি’ আয় করেছে ২১ কোটি ৫০ লাখ ডলার। আর এখন পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি ডলার।

ডেস্ক রিপোর্ট 























