প্রেমের কারণে নয়, কিংবা কোনো চাপেও নয়—সম্পূর্ণ নিজের বিশ্বাস ও মানসিক শান্তির খোঁজ থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকার। সম্প্রতি তার সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
এনটিভির সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে জয়তী বলেন, জনপ্রিয় ধারাবাহিক ‘সাসুরাল সিমার কা’-তে কাজ করার সময় দীপিকা ও অভিনেতা শোয়েব ইব্রাহিমের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৮ সালে বিয়ের আগেই দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে এই সিদ্ধান্ত বিয়ের জন্য নয়, বরং একান্তই তার ব্যক্তিগত বিশ্বাসের ফল।
জয়তীর ভাষ্য অনুযায়ী, জীবনের কঠিন এক সময়ে দীপিকা আজমীর শরিফ দরগাহে যান। সেখানে গিয়ে তিনি মানসিক শান্তি ও নতুন শক্তি খুঁজে পান। এরপর নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। দীপিকা তাকে স্পষ্ট জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক ছিল না।
দীপিকার ধর্মান্তর নিয়ে বিভিন্ন সময়ে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন জয়তী। তার দাবি, দীপিকা ও শোয়েব সবসময় একে অপরের পাশে থেকেছেন। দীপিকার অসুস্থতার সময় যেমন শোয়েব তাকে সমর্থন করেছেন, তেমনি দীর্ঘদিন ধরে দীপিকাও শোয়েবের পরিবারের পাশে থেকেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে দীপিকা কাকারের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসা ও সুস্থতার বিভিন্ন আপডেট তিনি স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে পরিচালিত ভ্লগে নিয়মিত শেয়ার করে আসছেন। ২০১৮ সালে বিয়ে করা এই দম্পতির বর্তমানে রুহান নামে তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























