জুলাই সনদ সরকার যদি নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করে, তাহলে তাতে এনসিপির কোনো সহযোগিতা বা অংশগ্রহণ থাকবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে জনগণের দেওয়া রায়কে ভিত্তি করতে হবে। সরকারের নোট অব ডিসেন্টের ভিত্তিতে তা বাস্তবায়নের চেষ্টা হলে এনসিপি তাতে অংশ নেবে না। তবে গণভোটের রায়ের আলোকে সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মতো বিষয় বাস্তবায়নে সরকার আন্তরিক হলে সর্বাত্মক সহযোগিতা করবে তার দল।
তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় এখনো কার্যকর হয়নি এবং সরকার শুধু মৌখিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। একই সঙ্গে তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়েও সমালোচনা করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল দাবি ছিল বিচার, সংস্কার ও নির্বাচন। নির্বাচন হলেও বিচার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর এবং অন্যান্য মামলার বিচার সম্পন্ন করারও আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 

























