রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ—ডিএমপি। এআই ক্যামেরার পর এবার কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও তুলনামূলক ব্যয়বহুল। তাই কম খরচে রাজধানীর আরও বিস্তৃত এলাকায় নজরদারি নিশ্চিত করতে নতুন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে।
তার মতে, এই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে, সড়কে শৃঙ্খলা বাড়বে এবং যান চলাচল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আনিছুর রহমান বলেন, মাত্র দুই মাস আগে চালু হওয়া এআই ক্যামেরা ব্যবস্থায় নগরবাসীর ইতিবাচক সাড়া মিলেছে। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন, যা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার পথ আরও সহজ করবে।
তিনি আরও জানান, রাজধানীর যানজটের অন্যতম কারণ মিশ্র যানবাহনের চলাচল, অনিয়ন্ত্রিত অটোরিকশা, আনফিট যানবাহন এবং উন্নত গণপরিবহনের অভাব। পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতাও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডিএমপির আশা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে রাজধানীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে।

ডেস্ক রিপোর্ট 

























