এইচএসসি পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনের মধ্যে সড়ক অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা জনভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার পুলিশের সাহসিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল সরকারকে বিব্রত করতে আন্দোলনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত পরীক্ষার্থী বা শিক্ষার্থী নন; অনেকেই জিপিএ বা অটো পাসের দাবিকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়াতে পুরোনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে মিলিয়ে প্রচার করা হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভুল প্রশ্নপত্র প্রণয়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় দুই হাজারের কাছাকাছি বলে সরকারের প্রাথমিক হিসাব রয়েছে।
সবশেষে তিনি স্পষ্ট করে বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও তার আড়ালে সড়ক অবরোধ, জনদুর্ভোগ বা পরীক্ষার পরিবেশ নষ্টের মতো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডেস্ক রিপোর্ট 

























